দীর্ঘ ১৪ বছরের নির্মাণকাজ এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির পর অবশেষে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিস্তৃত এই বিশেষ বাস লেনের অবকাঠামো অপসারণ করে সড়কটিকে ছয় লেনের মহাসড়কে রূপান্তর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ নামের এই প্রকল্পে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয় হয়েছে। সাড়ে ৬ হাজার কোটি টাকার এই প্রকল্পের প্রায় অর্ধেক অর্থ খরচ হওয়ার পর এমন বড় পরিবর্তনের সিদ্ধান্ত এলো।
দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পের নির্মাণকাজের কারণে ঢাকা-গাজীপুর মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন যানজট ও ধুলোবালির ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষায়িত বাস চলাচলের জন্য নির্মিত লেন ও স্টেশনগুলো এখন ভেঙে ফেলা হবে এবং পুরো পথটিকে একটি প্রশস্ত মহাসড়ক হিসেবে গড়ে তোলা হবে।
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বিশেষ অবকাঠামোগুলো আর থাকছে না। এর পরিবর্তে ছয় লেনের মহাসড়ক নির্মাণের মাধ্যমে এই রুটে যানবাহনের গতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে শুরু হওয়া এই প্রকল্পটি বারবার সময় ও ব্যয় বাড়িয়েও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। শেষ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পর প্রকল্পটির মূল লক্ষ্য থেকে সরে এসে মহাসড়ক নির্মাণের পথে হাঁটছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name