ইউরোপের সাতটি দেশের কয়েক ডজন সুপারশপে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে সংশ্লিষ্ট দোকানগুলোর রেফ্রিজারেটর ও ফ্রিজার ব্যবস্থা অচল হয়ে পড়েছে বলে জানা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রায় ৪০টি ডেলহাইজ (Delhaize) সুপারমার্কেট এই হামলার শিকার হয়েছে। এছাড়া সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের বেশ কিছু দোকানেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।
আক্রান্ত ফ্রিজার ও রেফ্রিজারেটরগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেলজিয়ামভিত্তিক সাবকোবেল (Sabcobel) জানিয়েছে, তাদের তৈরি কিছু যন্ত্রাংশ এই সাইবার হামলার কবলে পড়েছে। এর ফলে সুপারশপগুলোতে খাদ্যদ্রব্য সংরক্ষণে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, হ্যাকাররা কুলিং সিস্টেমের নিয়ন্ত্রণ ব্যবস্থায় আঘাত হেনেছে। এতে করে অনেক দোকানে পচনশীল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name