দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী জেলায় চরম বিপর্যয় লক্ষ্য করা গেছে। জেলার ১২টি কলেজ থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই এবার কৃতকার্য হতে পারেননি। তবে জেলার সামগ্রিক এই খারাপ ফলাফলের মধ্যেও সাফল্যের ধারা বজায় রেখেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, নীলফামারী জেলায় পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, জেলা থেকে এবার মোট ১৩ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হতে পেরেছেন মাত্র ৬ হাজার ৭৭৯ জন।
ফলাফলে দেখা গেছে, জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাসের মুখ দেখেননি। এসব প্রতিষ্ঠানের পাসের খাতা একেবারে শূন্য। তবে এই বিপর্যয়ের মধ্যেও ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলার মেধার স্বাক্ষর রেখেছেন।
জেলার সামগ্রিক ফলাফলে ধস নামলেও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ বরাবরের মতোই ব্যতিক্রমী ও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফল করে জেলার মান রক্ষা করেছেন।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় আশাব্যঞ্জক নয়। বিশেষ করে ১২টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীরও পাস না করার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name