দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা বন্ধ এবং প্লে, নার্সারি ও কেজির মতো অননুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স নিষিদ্ধ করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া বন্ধের দাবি জানানো হয়েছে এতে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বরাবরে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা শিশুদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। এছাড়া প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো যেসব প্রাক-প্রাথমিক কোর্স চালু রয়েছে, সেগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন নেই। এসব অননুমোদিত কোর্স অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পাঠ্যবইয়ের বোঝা নিয়েও নোটিশে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এনসিটিবি নির্ধারিত বইয়ের বাইরে বিভিন্ন বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো অতিরিক্ত বই পড়তে বাধ্য করছে। এই চর্চা বন্ধ করে শুধুমাত্র বোর্ড অনুমোদিত বই পাঠ্যসূচিতে রাখার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name