আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণের প্রস্তুতি শুরু করেছে সরকার। প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে নতুন বছরের শুরুতে সংশোধিত পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব মানসম্মত পাঠ্যবই উপজেলা পর্যায়ের বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে বই সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটি তৎপর রয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপানোর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। তবে ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের বই তৈরির কাজ এখনো চলমান রয়েছে।
সংশোধিত এই পাঠ্যবইগুলো যেন সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যথাসময়ে বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা তাদের নতুন বই হাতে পাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name