গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার ৬ তলা ভবনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিনির্বাপণ কাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। ভবনটির ভেতরে ওষুধ তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে ওষুধ তৈরির যন্ত্রপাতি, কেমিক্যাল ও বিভিন্ন শিল্পসামগ্রী রয়েছে। আগুনের কারণে এসব মালামালের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা আগুনের কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, কারখানায় অগ্নিকাণ্ডের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name