নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে দেশের সব মাদ্রাসাপ্রধানকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও নির্দেশনার আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা স্তরভিত্তিক বিষয় ও বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে।
মাঠ পর্যায়ে এই নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। তারা নিজ নিজ আওতাধীন মাদ্রাসাগুলোতে এই কার্যক্রমের অনুসরণ নিশ্চিত করবেন।
শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা তৈরি হবে এবং তারা জাতীয় পর্যায়ের মূলধারার কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারবে।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name