টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষও আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। বিশেষ করে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের মহড়া কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name