ভারতের রাজধানী নয়াদিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (এনসিআর) ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এই সতর্কতা জারি করে।
সোমবার ভোর থেকেই নয়াদিল্লি ও এর আশপাশের এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরগাঁও ও গাজিয়াবাদেও ভারি বর্ষণের খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে রাজধানীর নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের কর্মব্যস্ত সময়ে এই বৈরী আবহাওয়ার কারণে পুরো অঞ্চলে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যেই মধ্য দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দিরের আশপাশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।
তবে ভোরের এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আইএমডি। পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name