পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র চার মাস বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, হিজরি জমাদিউল আউয়াল মাস শুরুর মাধ্যমে রমজানের ক্ষণগণনায় আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি থাকবে। তাদের গণনা অনুযায়ী, ১২ অক্টোবর সোমবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।
ইব্রাহিম আল জারওয়ান আরও জানান, গত শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাত সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে। রোববার সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার।
এদিকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে কিছুটা ভিন্ন মত দিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার সূর্যাস্তের পর খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে উন্নত প্রযুক্তির সাহায্যে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।
শারজাহ সেন্টারের তথ্যমতে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক গণনাকে প্রাধান্য দেয়, তারা ১২ অক্টোবর থেকে নতুন মাস গণনা শুরু করবে। অন্যদিকে যারা খালি চোখে চাঁদ দেখাকে অপরিহার্য মনে করে, তাদের ক্ষেত্রে জমাদিউল আউয়াল মাস ১৩ অক্টোবর থেকে শুরু হতে পারে।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name