রাজধানীর সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা-২০২৬’-এর সমাপনী ও সম্মাননা প্রদান করা হয়েছে। মেলায় সবচেয়ে বেশি প্রদর্শিত প্রকল্পের স্বীকৃতি হিসেবে তিনটি আবাসন প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এই মেলা শেষ হয় ৩ অক্টোবর।
সম্মাননা পাওয়া প্রকল্প ও প্রতিষ্ঠানগুলো হলো—রূপায়ণ হাউজিং এস্টেটের ‘রূপায়ণ লেক ক্যাসেল’, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’ এবং র্যানকন রিয়েল এস্টেটের ‘তিলোত্তমা’ প্রকল্প। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’—এই স্লোগান নিয়ে আয়োজিত এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিবিএল সিরামিকস। কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত ছিল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এছাড়া ব্যাংকিং পার্টনার হিসেবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল), ফিন্যান্সিয়াল পার্টনার হিসেবে আইপিডিসি ফাইন্যান্স এবং কুইজ স্পনসর হিসেবে ছিল হোটেল গ্র্যান্ড প্যাসিফিক।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় মোট ২৫টি স্টলে ১০৫টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। মেলা চলাকালীন প্রায় ২ লাখ ১৩ হাজার দর্শনার্থী ওয়েবসাইটটি পরিদর্শন করেছেন এবং প্রকল্পগুলোর পেজ ভিউ হয়েছে প্রায় ১০ লাখ। ১০ দিনে সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে ৮ হাজারের বেশি সাড়া পাওয়া গেছে। মেলায় ১ লাখ ৮৩ হাজার ৩১৩ কাঠা প্লট ও ২ লাখ ৩৩ হাজার বর্গফুটের ফ্ল্যাট প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম বলেন, প্রথম আলোর এই আয়োজনের সঙ্গে তারা দীর্ঘ আট বছর ধরে যুক্ত আছেন। এ ধরনের মেলা তাদের পণ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি আরও জানান, তাদের প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উদ্ভাবনে কাজ করে যাচ্ছে এবং তাদের পণ্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের আবাসন খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পগুলো কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং ব্যবসায়ীরা নিজ নিজ ক্ষেত্রে সফল হবেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের আগে আমন্ত্রিত অতিথিদের জন্য এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মাহতিম শাকিব। অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ী ও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name