আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ আট মাস কাটানোর পর সফলভাবে পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী। বৃহস্পতিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও স্পেসএক্সের যৌথ প্রচেষ্টায় তারা নিরাপদে অবতরণ করেন।
স্পেসএক্সের একটি মহাকাশযানে করে এই চার নভোচারী লস অ্যাঞ্জেলেস উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ (স্প্ল্যাশডাউন) করেন। এই দলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার নভোচারীরা রয়েছেন।
নাসা জানিয়েছে, এই অভিযানে অংশ নেওয়া নভোচারীদের মধ্যে রয়েছেন জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে। মূলত তাদের নির্ধারিত সময়ের আগেই মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল।
জানা গেছে, মহাকাশ স্টেশনে অবস্থানরত একজন সহকর্মী অসুস্থ হয়ে পড়ায় এবং তার ক্রু সদস্যদের সহায়তার জন্য এই চারজনকে দ্রুত সেখানে পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ আট মাস অবস্থান করে তারা তাদের দায়িত্ব পালন করেন।
প্রশান্ত মহাসাগরে অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দীর্ঘ সময় মহাকাশে থাকার পর পৃথিবীতে ফেরার এই প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name