দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী নানা ও সাবেক বিগব্যাং সদস্য ও অভিনেতা টিওপি (T.O.P) প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শুক্রবার দুই তারকার সংশ্লিষ্ট এজেন্সি তাঁদের এই সম্পর্কের খবরটি নিশ্চিত করেছে।
নানার এজেন্সি স্যাবলাইম জানিয়েছে, টিওপির একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তাঁদের পরিচয় হয়। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অন্যদিকে টিওপির এজেন্সি টপ স্পট পিকচার্স জানিয়েছে, চলতি বছরের জুন মাস থেকে তাঁদের এই প্রেমের সম্পর্কের সূচনা।
জানা গেছে, টিওপির একক গান ‘স্টুডিও ৫৪’-এর মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। সেখানে অভিনয়ের সূত্র ধরেই তাঁদের পরিচয় এবং পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। তবে সম্পর্কের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষই।
নানা ২০০৯ সালে ‘আফটার স্কুল’ গার্ল গ্রুপের সদস্য হিসেবে বিনোদন জগতে পা রাখেন। পরবর্তীতে তিনি অভিনয়ে নিয়মিত হন এবং ‘দ্য গুড ওয়াইফ’, ‘মাস্ক গার্ল’ ও ‘দ্য স্ক্যান্ডাল’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করে পরিচিতি পান।
অন্যদিকে টিওপি ২০০৬ সালে জনপ্রিয় ব্যান্ড বিগব্যাংয়ের সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সংগীতের পাশাপাশি তিনি ‘তাজা’ ও ‘আউট অব কন্ট্রোল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুমেও তাঁকে দেখা গেছে।
এর আগে এক সাক্ষাৎকারে নিজের পছন্দ নিয়ে কথা বলেছিলেন নানা। তিনি জানিয়েছিলেন, কোমল ও যত্নশীল আচরণের পুরুষ তাঁর পছন্দ। কাউকে পছন্দ হলে তিনি নিজেই এগিয়ে গিয়ে নিজের অনুভূতির কথা জানান বলেও উল্লেখ করেছিলেন এই অভিনেত্রী।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name