রেলওয়ের টিকিট কালোবাজারি রোধে এক মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আলোচিত সাবেক আমলা মাহবুব কবির মিলন। বিশেষ করে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে এই সংকট নিরসনে তিনি কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। মাহবুব কবির মিলন জানান, তাকে মাত্র এক মাসের দায়িত্ব দেওয়া হলে তিনি এই দুই গুরুত্বপূর্ণ রুটে টিকিটের কালোবাজারি সম্পূর্ণ নির্মূল করে দেখাবেন।
এই কাজের বিনিময়ে তিনি কোনো বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, তার কোনো পদ-পদবি, আলাদা চেয়ার-টেবিল বা পারিশ্রমিকের প্রয়োজন নেই। তিনি সম্পূর্ণ বিনা মূল্যে এই সেবা দিতে চান।
তবে এই লক্ষ্য অর্জনে তিনি দুটি শর্ত জুড়ে দিয়েছেন। প্রথমত, তাকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা দিতে হবে যাতে তিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন। দ্বিতীয়ত, যাতায়াতের সুবিধার জন্য তাকে একটি গাড়ির সুবিধা দিতে হবে।
দীর্ঘদিন ধরেই রেলওয়ের টিকিট সাধারণ মানুষের কাছে দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের রুটে টিকিটের ব্যাপক চাহিদা থাকায় কালোবাজারিদের দৌরাত্ম্য নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে সাবেক এই আমলার প্রস্তাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name