টেলিভিশন পর্দার পরিচিত মুখ নীতি টেলর কেন বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তা নিয়ে দীর্ঘদিনের কৌতূহল ছিল ভক্তদের মাঝে। ক্যারিয়ারের শুরুতে তিনটি তেলুগু ছবিতে অভিনয় করলেও এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নেপথ্য কারণ সামনে এনেছেন এই অভিনেত্রী।
নীতি টেলর জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ‘কাস্টিং কাউচ’-এর মতো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। একটি সিনেমার শুটিং চলাকালীন সংশ্লিষ্ট পরিচালক তাকে অনৈতিক প্রস্তাব দেন। ওই পরিচালক তাকে তার সঙ্গে রাত কাটানোর কথা বলেছিলেন।
‘হাউটারফ্লাই’ নামক একটি অনুষ্ঠানে নিজের সেই অন্ধকার অভিজ্ঞতার কথা শেয়ার করেন নীতি। তিনি বলেন, সেই সময় তিনি বেশ অল্পবয়সী ছিলেন এবং পরিচালকের এমন প্রস্তাবে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। এই একটি ঘটনাই তাকে চলচ্চিত্র জগত সম্পর্কে বীতশ্রদ্ধ করে তোলে।
অভিনেত্রীর ভাষ্যমতে, সেই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন আর কখনো সিনেমায় কাজ করবেন না। নিজের আত্মসম্মান বজায় রাখতে এবং নিরাপদ থাকতে তিনি রুপালি পর্দা থেকে দূরে সরে আসার কঠিন সিদ্ধান্তটি নেন।
চলচ্চিত্র ছাড়লেও ছোট পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন নীতি টেলর। দীর্ঘ সময় ধরে তিনি টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে ক্যারিয়ারের শুরুতে পাওয়া সেই মানসিক আঘাত তাকে আজও তাড়িয়ে বেড়ায় বলে জানান তিনি।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name