বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব পদে মো. মাজম আলী খান নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে আয়োজিত সংগঠনের ৩৯তম সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা মোট ৩১। এতে অতিরিক্ত মহাসচিব হিসেবে মো. আবু নাসের মজুমদার এবং কোষাধ্যক্ষ পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত রাখতে আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় থেকে ১১ জন সহসভাপতি এবং ১১ জন উপমহাসচিব নির্বাচিত হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা এই কমিটিতে স্থান পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান। এছাড়া আইন সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।
বর্তমানে সারা দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন। দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর রমিজউদ্দিন আহমেদ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কর আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা ও তাঁদের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সবার সহযোগিতা চান।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name