অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামবে টাইগ্রেসরা। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ ডেভিড হেম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মেয়েরা কঠোর পরিশ্রম করছে। একটি প্রস্তুতি ম্যাচ খেলার পাশাপাশি ভালো উইকেটে অনুশীলনের সুযোগ পেয়েছে দল।
অস্ট্রেলিয়ার উইকেটে সাধারণত বাংলাদেশের তুলনায় গতি ও বাউন্স বেশি থাকে। এ প্রসঙ্গে হেম্প বলেন, উইকেটগুলো খেলোয়াড়দের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কারণ তারা এমন কন্ডিশনে অভ্যস্ত নয়। তবে গত চার-পাঁচ দিনে ক্রিকেটাররা বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং নিজেদের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে।
বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, তা মেনে নিচ্ছেন কোচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই শীর্ষে থাকা দলটির বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। এখন পর্যন্ত খেলা পাঁচটি ওয়ানডের সবকটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক দৃঢ়তার ওপর জোর দিচ্ছেন ডেভিড হেম্প। তিনি চান না সিরিজ শেষে ক্রিকেটাররা কোনো আক্ষেপ নিয়ে দেশে ফিরুক। হেম্পের ভাষায়, “আমরা চাই না মেয়েরা এক সপ্তাহ পর দেশে ফিরে বলুক যে, ইশ! আমরা যদি এভাবে খেলতাম। আমরা যা-ই করি না কেন, তাতে ইতিবাচক থাকতে হবে।”
দলের এই সফরে নেতৃত্বের দায়িত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে সম্প্রতি তিনি টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে; সরোয়ার ইমরানের স্থলাভিষিক্ত হয়েছেন ডেভিড হেম্প। নতুন এই আবহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলে সামনে এগিয়ে যাওয়াই এখন টাইগ্রেসদের মূল লক্ষ্য।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name