শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম ফ্যাশন হাউস বিশ্বরঙ। ‘পুজো বাড়ির গান’ শিরোনামে ১৩টি গানের একটি বিশেষ সংগীত সংকলন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের বড় পরিসরের কোনো সংগীত আয়োজন করা হলো।
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় এই আয়োজনে বাঙালির চিরচেনা সাংস্কৃতিক আবহ ও পূজার উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় একঝাঁক সংগীতশিল্পী।
এই বিশেষ আয়োজনে অংশ নিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও পুতুল। এছাড়া আরও গেয়েছেন সিঁথি সাহা, সন্দীপন, সজীব, সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা ও সুস্মিতা সাহা। শিল্পীদের বৈচিত্র্যময় পরিবেশনায় উৎসবের আমেজকে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পূজার চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধন ঘটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিটি গানেই উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতিফলন ঘটেছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name