সিস্টেম স্থানান্তরের কাজের জন্য টানা দুই দিন বন্ধ থাকার পর সচল হয়েছে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সব ধরনের সেবা। এর ফলে দেশের প্রায় ৩০টি ব্যাংকের গ্রাহকরা পুনরায় কার্ড ব্যবহার করে এটিএম, পিওএস ও অনলাইন লেনদেন করার সুযোগ পাচ্ছেন।
নেটওয়ার্ক পরিচালনকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন পুরোপুরি কার্যকর। গ্রাহকরা আগের মতোই স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।
এদিকে ব্যাংক এশিয়াও তাদের গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে সেবা সচলের বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাংকটি জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, ই-কমার্স ও কিউআর কোডভিত্তিক লেনদেন এখন পুরোপুরি সচল রয়েছে।
এর আগে গত রবিবার রাত থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ ও সিস্টেম স্থানান্তরের কাজ শুরু হয়। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্ডভিত্তিক লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শুরুতে ব্যাংকগুলো জানিয়েছিল, এই সেবা চালু হতে ১০ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। দীর্ঘ সময় সেবা বন্ধ থাকার ঘোষণায় গ্রাহকদের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনায় দ্রুত সেবা সচল করতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে তলব করা হয়। গ্রাহক স্বার্থ রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে সেবা চালুর নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্রাহক ভোগান্তি হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই নেটওয়ার্কটি পুনরায় সচল হয়।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name