অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘ব্রেকিং ব্যারিয়ার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন কাউন্সিলর শিরিন আক্তার। তিনি সিডনির সিটি অব ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের একজন নির্বাচিত প্রতিনিধি।
সম্প্রতি সিডনির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্ট হাউসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ‘২০২৬ এনএসডব্লিউ মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর উইমেন ইন লোকাল গভর্মেন্ট’ শীর্ষক এই আয়োজনে স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মানিত করা হয়।
নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকারমন্ত্রী রন হোনিগ এবং নারীবিষয়ক মন্ত্রী জডি হ্যারিসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় সরকারে কর্মরত ও নির্বাচিত নারীদের কাজের স্বীকৃতি প্রদান এবং তাঁদের আরও উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
কাউন্সিলর শিরিন আক্তারের এই অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ক্যান্টারবারি ব্যাংকসটাউনের মেয়র বিলাল এল-হায়েক। তিনি বলেন, স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং নারীদের এগিয়ে নেওয়ার পথে বিদ্যমান বিভিন্ন বাধা দূর করতে শিরিন আক্তার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এই পুরস্কার তাঁর সেই বলিষ্ঠ নেতৃত্ব ও একাগ্রতারই এক যথাযথ স্বীকৃতি।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত একজন জনপ্রতিনিধির এমন অর্জন কমিউনিটির মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name