চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এই ফলাফলে দেখা গেছে, দেশের সবকটি শিক্ষা বোর্ডেই গত বছরের তুলনায় পাসের হার কমেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে, বরিশাল বোর্ডে পাসের হার গত বছরের ৬২ দশমিক ৫৭ শতাংশ থেকে বড় ব্যবধানে কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। অর্থাৎ এই বোর্ডে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছর ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।
পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছর ছিল ৬৩ হাজার ২১৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।
অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রামে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ। এছাড়া কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পাসের হারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। গত বছর এই দুই বোর্ডে পাসের হার ছিল যথাক্রমে ৭৫ দশমিক ৬১ ও ৬২ দশমিক ৬৭ শতাংশ।
সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name