দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়াতে এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে আজ থেকে জাটকা ধরার ওপর আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিষেধাজ্ঞার এই আট মাস দেশের কোনো নদ-নদী বা জলাশয় থেকে জাটকা ধরা যাবে না। একই সঙ্গে পাইকারি বা খুচরা বাজারে জাটকা বিক্রি, এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন এবং হিমাগারে মজুত করার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, জাটকা বড় হওয়ার সুযোগ পেলে দেশে ইলিশের সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name