চীনে জনমিতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পরিবারগুলোতে শিশুদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্যের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে কর্মক্ষম জনসংখ্যার ওপর নির্ভরশীল বয়স্কদের অনুপাত গত বছর ২৩ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, শিশুদের ক্ষেত্রে এই অনুপাত ছিল ২২ শতাংশ। অর্থাৎ, বর্তমানে দেশটিতে শিশুদের চেয়ে বয়স্কদের ভরণপোষণের দায়িত্ব পালন করতে হচ্ছে বেশি মানুষকে।
জনসংখ্যাবিদ ও নীতিনির্ধারকরা এই পরিসংখ্যানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। দীর্ঘ সময় ধরে জন্মহার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধির ফলে চীনের জনসংখ্যায় এই ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চীনের পরিবারগুলোতে শিশুদের সংখ্যাই বেশি থাকত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বয়স্কদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই প্রথম তা শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেল। দেশটির অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ওপর এই পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name