সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজু আহমেদ। গত রবিবার ও সোমবার দিন ও রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে রাজু আহমেদ উপজেলার কালিপুর পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি উৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
উপস্থিত সবার উদ্দেশ্যে রাজু আহমেদ বলেন, বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে। আমি ব্যক্তিগতভাবেও সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি দেশের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, রাজু আহমেদ বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। মণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name