পাহাড় আর সমুদ্রের মিতালি দেখতে ভ্রমণপিপাসুদের কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড সবসময়ই পছন্দের তালিকায় শীর্ষে থাকে। এই অঞ্চলের ঝরনা, সবুজ প্রকৃতি আর সমুদ্রসৈকতের টানে পর্যটকরা বারবার ছুটে আসেন। সীতাকুণ্ডের সেই প্রাকৃতিক সৌন্দর্যের তালিকায় নতুন মাত্রা যোগ করেছে কুমিরাঘাট।
উপকূলীয় এলাকায় অবস্থিত এই ঘাটে দাঁড়ালে একদিকে যেমন বিস্তৃত জলরাশি দেখা যায়, অন্যদিকে পাহাড়ের সৌন্দর্যও উপভোগ করা যায়। বিশেষ করে জোয়ার-ভাটার খেলা পর্যটকদের বিশেষভাবে মুগ্ধ করছে। জোয়ারের সময় কানায় কানায় পূর্ণ জলরাশি আর ভাটার সময় জেগে ওঠা চরের দৃশ্য এখানে ভিন্ন এক আবহ তৈরি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি কুমিরাঘাট এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে এবং সমুদ্রের নির্মল বাতাস উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছেন।
প্রকৃতিপ্রেমীদের মতে, কুমিরাঘাটের চারপাশের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক বৈচিত্র্য একে অন্য সব পর্যটন কেন্দ্র থেকে আলাদা করেছে। যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় এবং পাহাড়-সমুদ্রের দ্বৈত সৌন্দর্য উপভোগের সুযোগ থাকায় এটি দিন দিন আরও পরিচিতি পাচ্ছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name