এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে বিশেষ এক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবল কোচ শরীফা অদিতি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘এএফসি কোচ এডুকেশন টিউটরস কোর্স (নারী)-২০২৬’-এ তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২৩ নভেম্বর থেকে মালয়েশিয়ায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। পাঁচ দিনব্যাপী এই কোর্সটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। মূলত এশিয়ার নারী কোচদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে টিউটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে এএফসি।
শরীফা অদিতি বর্তমানে এএফসি ‘এ’ লাইসেন্সধারী একজন কোচ। তার এই অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে নতুন ও অভিজ্ঞ টিউটরদের জন্য আয়োজিত এই কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
এই কোর্সের মাধ্যমে এশিয়ার নারী ফুটবলের উন্নয়নে দক্ষ প্রশিক্ষক তৈরির প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অদিতির অংশগ্রহণ দেশের নারী ফুটবলের কোচিং সেক্টরে নতুন মাত্রা যোগ করবে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name