ঢাকের শব্দ, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে নাটোরের মন্দিরগুলো। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
উৎসবের প্রথম দিন সকালে ষষ্ঠী কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মীয় রীতি মেনে বেলতলায় দেবীর অকালবোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দেবী দুর্গাকে মণ্ডপে আহ্বান জানানো হয়। এরপর ঘটস্থাপন ও প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় মূল উপাসনা।
পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী, এ বছর নাটোর জেলার ৪০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই ভক্তদের অঞ্জলি প্রদান ও বরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
শারদীয় এই উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, দেবী দুর্গার আগমনে পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সবার জীবনে কল্যাণ বয়ে আনবে এই উৎসব—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
তথ্যসূত্র: বিডি২৪ লাইভ
Reporter Name