ভবিষ্যৎ পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে আমূল পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মনে করেন, এই প্রযুক্তির কল্যাণে উৎপাদনশীলতা এতটাই বাড়বে যে সপ্তাহে মাত্র তিন দিন কাজ করলেই মানুষের চলবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্প্রতি এমন সম্ভাবনার কথা জানান।
বেজোস বলেন, এআইয়ের যুগে সম্পদ ও উপকরণের প্রাচুর্য তৈরি হবে। ফলে অনেক পরিবারে হয়তো একজনের আয়েই সংসার চালানো সম্ভব হবে। অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে মানুষকে আর একাধিক চাকরি করতে হবে না, যা ভবিষ্যতে কর্মী নিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এআই খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদী হলেও এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বেজোস। তিনি জানান, বর্তমানে এই খাতে প্রচুর বিনিয়োগ হচ্ছে, তবে সব উদ্যোগ সফল না-ও হতে পারে। বিনিয়োগকারীদের জন্য ভালো-মন্দ উদ্যোগের পার্থক্য বোঝা এখন বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, অ্যামাজন নিজেই এআই প্রযুক্তির উন্নয়নে চলতি বছর প্রায় ২০ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে। তবে প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি প্রতিষ্ঠানটি গত বছর থেকে প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এতে উৎপাদনশীলতা বাড়লেও কর্মীদের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনও এআইয়ের এই উত্থান থেকে লাভবান হওয়ার পথে রয়েছে। সংস্থাটি মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। বর্তমানে ব্লু অরিজিনের বাজারমূল্য দাঁড়িয়েছে ১৪০ বিলিয়ন ডলারে, যা বেজোসের মোট সম্পদকে ৩৬৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
সপ্তাহে কর্মদিবস কমিয়ে আনার বিষয়ে বেজোস একা নন, অন্যান্য প্রযুক্তিবিদরাও একই ধরনের পূর্বাভাস দিয়েছেন। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সপ্তাহে চার দিন এবং জেপি মরগ্যান চেজের প্রধান জেমি ডিমন সাড়ে তিন দিন কাজের কথা বলেছেন। অন্যদিকে বিল গেটস সপ্তাহে দুই দিন এবং ইলন মাস্ক ভবিষ্যতে কাজ করার প্রয়োজনীয়তাই থাকবে না বলে মনে করেন।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name