কলকাতায় উরুগুয়ের বিপক্ষে আসন্ন প্রীতি ফুটবল ম্যাচে টিকিটের দাম নজিরবিহীনভাবে কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, নির্দিষ্ট কিছু ব্লকের টিকিটের দাম আগের তুলনায় ৯০ শতাংশ কমানো হয়েছে। মূলত গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতেই এই বড় ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৩ অক্টোবর সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র ও মার্কিনিওসের মতো বিশ্বসেরা তারকারা খেললেও গ্যালারি পূর্ণ হয়নি। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন প্রায় ৩৪ হাজার আসন খালি ছিল। সেই অভিজ্ঞতার পর উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম কমানোর পথে হাঁটল কর্তৃপক্ষ।
এআইএফএফ-এর ঘোষণা অনুযায়ী, যুবভারতী ক্রীড়াঙ্গনের সি২ ব্লকের দুই পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে মাত্র ১৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন মূল্যতালিকা প্রকাশ করে ফুটবল ফেডারেশনটি। আগামীকাল মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে।
এদিকে উরুগুয়ে জাতীয় ফুটবল দল গত ৩০ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছায়। ডিয়েগো ফোরলানের শিষ্যরা এরই মধ্যে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন। সেন্ট পলস ক্যাথিড্রাল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনের পাশাপাশি ইডেন গার্ডেনে গিয়ে ক্রিকেট খেলতেও দেখা গেছে লুকাস তোরেরা ও দারউইন নুনিয়েজদের।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার এক বিশেষ ঘোষণা দিয়েছে। গত ডিসেম্বরে লিওনেল মেসির ‘দ্য গোট ট্যুর’ চলাকালীন বিশৃঙ্খলার কারণে যারা ম্যাচটি ঠিকভাবে উপভোগ করতে পারেননি, তাদের উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। ওই দিন মেসির মাঠে প্রবেশের পর গ্যালারিতে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। যারা সেই ম্যাচের টিকিট দেখাতে পারবেন, তারাই এই সুযোগ পাবেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name