ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। তবে এবারের আয়োজনে কেবল ফুটবলাররাই নন, গ্ল্যামার ছড়িয়েছেন বিনোদন ও ফ্যাশন জগতের একঝাঁক তারকা। লন্ডনের এই জমকালো রাতে খেলার মাঠের তারকাদের পাশাপাশি রেড কার্পেটে দেখা গেছে জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগীতজ্ঞদের।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি এবং জনপ্রিয় ফুটবল উপস্থাপক কেট স্কট। কেট স্কটের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী সাবেক বক্সার মালিক স্কট। এছাড়া সংগীত জগতের তারকাদের মধ্যে ছিলেন নাইজেরিয়ান র্যাপার বার্না বয় এবং ব্রিটিশ গায়িকা জর্জা স্মিথ।
এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। জনপ্রিয় ড্রামা সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ ‘সানসা স্টার্ক’ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই তারকা লন্ডনের এই আয়োজনে সবার নজর কাড়েন। এছাড়া ফ্যাশন জগতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান মডেল ক্যারোলিন ডাওর।
ফুটবলারদের মধ্যে বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে দেখা গেছে তাদের সঙ্গিনীদের নিয়ে। সাবেক তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং ইংল্যান্ডের সাবেক ব্যালন ডি’অর জয়ী মাইকেল ওয়েন। পিএসজি তারকা উসমান দেম্বেলেও যোগ দিয়েছিলেন এই আয়োজনে।
নারী ফুটবলের তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্যালন ডি’অর ট্রফি হাতে দেখা গেছে স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেয়াসকে। এছাড়া মেক্সিকোর ফরোয়ার্ড স্কারলেট ক্যামবেরোস এবং চেলসি নারী দলের ফুটবলাররা রেড কার্পেটে আলো ছড়ান। স্কারলেট এবার সেরা নারী ফুটবলারের লড়াইয়েও ছিলেন।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name