মাদারীপুর জেলা শহরের শকুণি লেক এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ বিকট শব্দে একাধিক ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা পুরো এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কারা রয়েছে বা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, তার পাশেই অবস্থিত স্বাধীনতা অঙ্গন। সেখানে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে এই কর্মসূচির কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name