আজ ৫ আগস্ট (মঙ্গলবার) গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯টায় পৌর পার্কের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহম্মদ ও পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামি, মুক্তিযোদ্ধা সংসদ পরিবার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়া সকাল ১১ টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জুলাই আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরা হয়।

অপরদিকে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে “আমার চোখে জুলাই বিপ্লব” শহীদদের স্মরণে ব্যাতিক্রমী রিকসা র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। র্যালীতে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলাহাটি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের শহীদ সুজনের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান, জেলা জামায়াতের আমির মোঃ আব্দুল করিম, খোলাহাটি ইউনিয়ন জামাতের আমির মোঃ রাজু আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানী, ইউপি সদস্য মোস্তফা জামান মিন্টসহ আরো অনেকে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ সুজনের পরিবারকে একটি সেলাই মেশিন, কাপড়-চোপড় এবং বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া শহীদের স্মরণে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার 