বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অন্যদিকে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ভ্রমণ প্রক্রিয়া সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাধারণ নাগরিকদের যাতায়াত ও পর্যটন খাতের প্রসারে ভিসা সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার ওপর জোর দেন উভয় পক্ষ।
ভিসা সহজ করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও কথা বলেন মাহদী আমিন ও মোহাম্মদ আনিস মাত্তা। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রশস্ত করার বিষয়ে তারা একমত পোষণ করেন।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বা ‘পিপল-টু-পিপল কন্টাক্ট’ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এর মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক বিনিময় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই আলোচনার মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সহযোগিতা আরও বেগবান হবে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name