ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এতে সিনেমা হলটির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আশপাশের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে ততক্ষণে সিনেমা হল ও পাশের দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনে সিনেমা হল সংলগ্ন একটি এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন ও পুরোনো কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই স্থাপনাটি কেবল একটি সিনেমা হল ছিল না, এটি ছিল গৌরীপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। বিংশ শতাব্দীর ত্রিশের দশকে গৌরীপুর রাজপরিবারের বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের আদলে এটি নির্মাণ করেছিলেন। শুরুতে এটি একটি নাট্যমঞ্চ হিসেবে ব্যবহৃত হতো।
ঐতিহাসিক এই মঞ্চে এক সময় ‘শাহজাহান’ নাটক মঞ্চস্থ হয়েছিল এবং বহু গুণী শিল্পী এখানে পদধূলি দিয়েছেন। পাকিস্তান আমলে এটি সরকারের অধীনে চলে যাওয়ার পর চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়। সময়ের বিবর্তনে এর নাম ‘গিরি সিনেমা হল’ ও ‘প্রতিমা সিনেমা হল’ থেকে সর্বশেষ ‘ঝলমল সিনেমা হল’ রাখা হয়।
গৌরীপুরের প্রত্নতত্ত্ব গবেষক রায়হান উদ্দিন সরকার বলেন, এই অগ্নিকাণ্ড কেবল একটি ভবন হারানো নয়, বরং গৌরীপুরের নাট্যচর্চা ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। এই স্থাপনাটির সঙ্গে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আবেগ ও স্মৃতি জড়িয়ে ছিল।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name